বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে টানাপোড়েন, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতপার্থক্য কাটছেই না। দুই পক্ষের প্রস্তাবের অঙ্কে বড় ব্যবধান থাকায় দীর্ঘ আলোচনা করেও এখন পর্যন্ত কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বিপরীতে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভা শেষে এ তথ্য জানানো হয়। দুপুর ২টায় সভা-পরবর্তী ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

মালিকপক্ষের তৃতীয় লিখিত প্রস্তাবে চারটি গ্রেডে ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাবে গ্রেড-১-এ ৩৫ হাজার টাকা, গ্রেড-২-এ ৩০ হাজার টাকা, গ্রেড-৩-এ ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। একই বৈঠকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে। তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা।

দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় সেদিনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয় উভয়পক্ষ।

কিন্তু মঙ্গলবারের চতুর্থ সভাতেও সেই অচলাবস্থা কাটেনি। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় ন্যূনতম মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ আসেনি। ফলে তৈরি পোশাকশিল্পের লাখো শ্রমিকের নতুন মজুরি কাঠামো নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।