ফাইল ছবি
বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। একই সঙ্গে বেসরকারি বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবার রাতে বগুড়ায় আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এসব তথ্য জানান।
রেজাউল করিম বাদশা বলেন, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। এ কারণে উত্তরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে আপাতত বেসরকারি বিমান সংস্থার মাধ্যমে বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টিতে ইতিবাচক সাড়া দিয়ে সম্মতি জানিয়েছেন এবং বেসরকারি এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন।
সংসদ সদস্য আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়ার সার্বিক উন্নয়ন প্রকল্প নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ওই বৈঠকে বগুড়ার সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বগুড়া বিমানবন্দর চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
বিমানবন্দর চালুর অবকাঠামোগত প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে রানওয়ে সম্প্রসারণ এবং যাত্রীদের জন্য একটি টার্মিনাল ভবন নির্মাণের প্রয়োজন হতে পারে। জরুরি এসব কারিগরি ও অবকাঠামোগত কাজ শেষ করেই বর্তমান রানওয়ে ব্যবহার করে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী বগুড়া সফরে আসবেন। সফরকালে তিনি জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে শিবগঞ্জের মোকামতলা পৌরসভা, থানা ও উপজেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। এ ছাড়া পার্শ্ববর্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর একটি গুরুত্বপূর্ণ অংশে খননকাজের উদ্বোধন এবং সেখানে আয়োজিত একটি জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে ওই দিন সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
