বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে চাকরির নামে কোটি টাকার প্রতারণা, র‌্যাবের জালে দুই প্রতারক

নিজস্ব প্রতিবেদক
মে ১২, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন নুসরাত জাহান ও মো. সোহান।

র‌্যাব সূত্র জানায়, পল্লবী এলাকায় ‘বিএফসি গ্লোবাল কনসালটেন্সি’ নামে একটি অফিস খুলে ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করতেন তারা। বিজ্ঞাপনে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির নিশ্চয়তা দেওয়ার কথা বলা হতো। এসব প্রলোভনে পড়ে বহু মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করেন।

তদন্তে জানা যায়, বিদেশ পাঠানোর নামে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। অস্ট্রেলিয়ায় পাঠাতে জনপ্রতি ৯ লাখ, কুয়েতে ৬ লাখ, ইতালিতে ২০ লাখ এবং সার্বিয়ায় যেতে ৮ লাখ টাকা পর্যন্ত দাবি করা হতো। বিভিন্ন বেসরকারি ব্যাংক হিসাবের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে মোট প্রায় সাড়ে তিন কোটি টাকা সংগ্রহ করে চক্রটি।

প্রতারকরা তিন মাসের মধ্যে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা সরবরাহ করে। এমনকি ফ্লাইটের তারিখ নির্ধারণ করে এয়ার টিকিটও দেওয়া হয়। তবে ফ্লাইটের আগের দিন নানা অজুহাতে টিকিট বাতিলের কথা জানিয়ে সময়ক্ষেপণ করা হতো।

র‌্যাব আরও জানায়, প্রতারণার বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।