বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দর এলাকায় র‍্যাবের অভিযান: ৮০৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আগস্ট ৫, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর বিমানবন্দর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। অভিযানের সময় তার কাছ থেকে মাদক পরিবহন ও যোগাযোগে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ ও মিডিয়া অফিসার) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে পুরাতন এনা বাস কাউন্টারের সামনের সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. হাসান ওমর আব্বাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বৈরাতী গুয়াগ্রাম প্রধানপাড়া এলাকায়।

তল্লাশিকালে তার দেহ থেকে পাঁচটি নীল রঙের প্যাকেটে রাখা মোট ৮০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চোরাচালান ও কারবার দমনে এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।