বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের প্রলোভনে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ: ফটোগ্রাফার নামিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার
জুলাই ২৯, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আদাবরে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে চার দিন আটকে রেখে ধর্ষণ এবং পরে হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনি ও তার বাবা-মায়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. মনিরুজ্জামান-এর আদালতে ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা মামলাটি দায়ের করেন।

বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত অভিযোগের বিষয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন ফটোগ্রাফার নামিম আশরাফ মনি, তার বাবা আশরাফউদ্দিন এবং মা শাহনাজ বেগম।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী সাদিয়া ইয়াসফিয়া (২৪) পেশায় একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। অন্যদিকে, নামিম আশরাফ পেশায় ফটোগ্রাফার। ২০২৪ সালে একটি অনুষ্ঠানের শুটিংয়ে তাদের পরিচয় হয়। পরবর্তীতে বিভিন্ন কাজে একসঙ্গে অংশ নিতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের বিষয়ে উভয় পরিবারের মধ্যেও আলোচনা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ৬ জুন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিয়ের প্রস্তাব নিয়ে আসামিদের গেন্ডারিয়ার বাসায় গেলে নামিমের পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং আপত্তি জানায়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ১০ জুন রাতে নামিম আশরাফ ভুক্তভোগীকে রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকার একটি ফটো স্টুডিও-সংলগ্ন ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাকে পরিবারের কাছে অন্যত্র অবস্থানের কথা জানাতে বাধ্য করা হয় বলে অভিযোগ।

বাদীর দাবি, ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভুক্তভোগীকে সেখানে আটকে রেখে বারবার ধর্ষণ করা হয় এবং ১৪ জুন তাকে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার আবেদনে আরও দাবি করা হয়, পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং ধর্ষণের আলামত উল্লেখ রয়েছে।

উত্থাপিত অভিযোগের ভিত্তিতে আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, মামলায় উত্থাপিত অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত প্রতিবেদন ও বিচারিক কার্যক্রমের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
নগর-মহানগর সর্বশেষ