রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে-সংসার নিয়ে প্রশ্নে কীসের ইঙ্গিত দিলেন কুসুম শিকদার

বিনোদন ডেস্ক
নভেম্বর ১, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

কুসুম শিকদার। ছবি: ফেসবুক

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থাকতে পছন্দ করেন অভিনেত্রী কুসুম শিকদার। বিয়ে, সংসার কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না তিনি। এ কারণে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা ও কৌতূহল।

সম্প্রতি একটি টেলিভিশনের তারকাড্ডায় বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।

কুসুম শিকদার বলেন, ‘আমি হ্যাপি আছি, আমি স্বাধীন আছি। আমি তো এটাই সব সময় বলি। যারা বারবার জানতে চান, বিয়ে কবে খাওয়াব, তাদের উদ্দেশে বলব, আমার বয়সটা দেখুন। আপনারা আসলে অনেক কিছু মিস করে ফেলেছেন, যেগুলো আপনাদের গবেষণা করে জানা দরকার। এটা আপনাদের দায়িত্ব।

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ ব্যাখ্যা করে কুসুম বলেন, ‘আমি কখনোই চাই না, আমার পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবন এক হয়ে যাক। আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষদের হয়তো আমার চেয়ে চার-পাঁচজন কম চেনে। কিন্তু তারা নিজেদের জায়গায় তারকা, নিজ নিজ ক্ষেত্রে সফল। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে তাঁদের নিয়ে এমন কোনো আলোচনা হোক, যেটা সাধারণত আমাদের মতো পরিচিত মুখদের নিয়ে হয়, তা আমি চাই না। এ জন্যই অনেক কিছু স্পষ্ট করে বলি না।

নিজের ভালো থাকা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি ভালো আছি, সুখে আছি। আমার জীবনে আমার বাবাসহ যেসব পুরুষের কারণে আমার জন্ম হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, সেই মানুষটিই আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ। কারণ, সেই মানুষটি না থাকলে আসলে কুসুম শিকদারেরই জন্ম হতো না।

এদিকে জীবনে নেতিবাচকতা এড়িয়ে চলার বিষয়েও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কুসুম। তিনি বলেন, আগে মানুষের কথায় মানসিক চাপ অনুভব করতেন। তবে ধীরে ধীরে নিজেকে সামলাতে শিখেছেন। এখন নেতিবাচক মানুষ ও পরিস্থিতি থেকে দূরত্ব বজায় রাখেন।

কুসুমের ভাষ্য, ‘নেতিবাচক শক্তি আমি গ্রহণ করি না। যেসব মানুষ আমাকে মানসিক চাপ দিতে পারে, তাদের আমি চিনি। নতুন কারও সঙ্গে পরিচয় হলেও ধীরে ধীরে বুঝতে পারি, সে আমাকে মানসিক চাপ দিতে পারে কি না। এ ধরনের মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকি। কম মিশি, কখনো মিশিই না। যেসব আড্ডা বা অনুষ্ঠানে গেলে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেখানেও যাই না। আমি যদি কাউকে নিজের কাছে আসার সুযোগই না দিই, তাহলে সে আমাকে পাবে কীভাবে? এভাবেই নিজেকে সামলে রাখতে হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।