শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ‘শাকিরা’ নাকি তারই ছায়া? ভক্তদের বিস্ময়ে তুমুল বিতর্ক

স্পোর্টস ডেস্ক
জুন ১২, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

জমকালো আলো, বর্ণিল আয়োজন আর কোটি দর্শকের উচ্ছ্বাসের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক Estadio Azteca স্টেডিয়ামে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত ল্যাটিন পপ তারকা Shakira। নাইজেরিয়ান সুপারস্টার Burna Boy–এর সঙ্গে বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ডাই ডাই’ পরিবেশন করে তিনি মাতিয়ে তোলেন দর্শকদের।

তবে মঞ্চ কাঁপানো সেই পারফরম্যান্স শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় এক ভিন্ন আলোচনা। ভক্তদের একটি বড় অংশ প্রশ্ন তুলতে শুরু করেন—মঞ্চে যিনি ছিলেন, তিনি কি সত্যিই শাকিরা? নাকি তার জায়গায় পারফর্ম করেছেন কোনো ‘বডি ডাবল’ বা অবিকল দেখতে অন্য কেউ?

ব্রিটিশ সংবাদমাধ্যম mirror.co.uk–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯ বছর বয়সী এই কলম্বিয়ান তারকার উপস্থিতি ঘিরেই মূলত সন্দেহের সূত্রপাত। অনুষ্ঠানে তিনি পরেছিলেন উজ্জ্বল হলুদ টপস, সাদা শর্টস ও স্নিকার্স। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার বড় কালো সানগ্লাস, যা মুখের বেশিরভাগ অংশই আড়াল করে রেখেছিল।

এতেই শেষ নয়। শাকিরার দীর্ঘদিনের পরিচিত সোনালি চুলের পরিবর্তে এবার দেখা যায় স্ট্রবেরি-লাল আভাযুক্ত নতুন হেয়ারস্টাইল। পরিচিত চেহারার সঙ্গে এই পরিবর্তন মিলিয়ে অনেক ভক্তই তাকে প্রথম দেখায় চিনতে হিমশিম খেয়েছেন।

পারফরম্যান্স চলাকালেই সামাজিক মাধ্যমে শুরু হয় মন্তব্যের ঝড়। একজন ভক্ত লেখেন, এটা কি সত্যিই শাকিরা? তাকে তো মোটেও শাকিরার মতো লাগছে না। আমি কি ভুল দেখছি?” আবার স্প্যানিশ ভাষাভাষী অনেক দর্শকও একই ধরনের সন্দেহ প্রকাশ করে লিখেছেন, শুধু আমিই কি ভাবছি, নাকি সত্যিই এটা শাকিরার বডি ডাবল ছিল?

আরেকজনের মন্তব্য, বিশ্বকাপের মতো এত বড় অনুষ্ঠানে তারা শাকিরার মতো দেখতে অন্য কাউকে কেন নিয়ে এলো? কেউ কেউ আরও একধাপ এগিয়ে দাবি করেছেন, আমার মন বলছে, মঞ্চে যাকে দেখেছি তিনি আসল শাকিরা নন।

যদিও এসব দাবি বা জল্পনার পক্ষে কোনো প্রমাণ এখন পর্যন্ত সামনে আসেনি। তবুও শাকিরার ভিন্নধর্মী উপস্থিতি এবং নতুন লুক নিয়ে ভক্তদের কৌতূহল ও আলোচনা থামছেই না।

বিশ্বকাপের মঞ্চে শাকিরার উপস্থিতি অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপেও নিজের কণ্ঠের জাদুতে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন তিনি। বিশেষ করে Waka Waka (This Time for Africa) গানটি আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম জনপ্রিয় থিম সং হিসেবে বিবেচিত হয়।

তাই এবারও তার উপস্থিতি ছিল প্রত্যাশিত। কিন্তু গানের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তার চেহারা। ফলে বিশ্বকাপের উদ্বোধনী রাত শেষ হলেও একটি প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে—মঞ্চে দেখা সেই নারী কি সত্যিই শাকিরা ছিলেন, নাকি রহস্যের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।