মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাতুয়াইলে মর্মান্তিক দুর্ঘটনা: অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পোশাকশ্রমিকের

শামিহা রেজা
মে ১১, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি সংগৃহীত

রাজধানীর মাতুয়াইল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কামিনী আক্তার (২৪) নামে এক পোশাকশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী শারমিন আক্তার জানান, তারা মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। অফিস ছুটির পর অটোরিকশায় করে ডেমরা কোনাপাড়া এলাকায় বাসায় ফিরছিলেন। পথে চলন্ত অটোরিকশার চাকায় কামিনীর গলার ওড়না পেঁচিয়ে গেলে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা আরও জানান, কামিনীর বিয়ে হলেও স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তারা আলাদা থাকতেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদরের কলেজ রোড এলাকায়। তার বাবার নাম কামরুল ইসলাম।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।