শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড, অর্থদণ্ড আরও ৩ জনের

স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে দালালবিরোধী বিশেষ অভিযানে তিনজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং আরও তিনজনকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কার্যালয়জুড়ে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নিত্য চন্দ্র সেন (৪০), মো. শামীম (৪৬) ও আবজালুল হাসান (৫৬)।

বিআরটিএ জানায়, অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালতে আটক ছয়জনের মধ্যে তিনজন নিজেদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর তিনজনকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করে আসছিল। এ ধরনের দালাল ও প্রতারকদের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, সেবাপ্রার্থীদের নিরাপদ, স্বচ্ছ ও দালালমুক্ত পরিবেশে সেবা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।