নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও লুট। সন্দেহে আটক ৪ নিরাপত্তাকর্মী, পলাতক ২। ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে অভিনব কৌশলে নিরাপত্তাকর্মীদের অচেতন করে একটি জুয়েলার্সের দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। শুধু স্বর্ণালংকারই নয়, দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ অচেতন করার পর পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানসংশ্লিষ্টরা।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের অভিযোগ, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরচক্র।
জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিংমলের নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ অচেতন করা হয়। এরপর সুযোগ বুঝে দোকানে ঢুকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে ধানমন্ডি থানা-পুলিশ শপিংমলটি ঘিরে ফেলে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, নিরাপত্তাকর্মীদের অচেতন করার ঘটনায় শপিংমলের নিরাপত্তাকর্মীদের কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় শপিংমলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। অন্যদিকে, সন্দেহভাজন হিসেবে চারজন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।
পূরবী জুয়েলার্সের বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং অন্য দুজন শপিংমলের নিরাপত্তাকর্মী।
তিনি আরও বলেন, শপিংমলের সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে আসতে দেখা গেছে। এ ছাড়া অতিরিক্ত দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতিও ছিল। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে চোরচক্রের সদস্যদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।
এদিকে, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির এ ঘটনায় শপিংমলের নিরাপত্তাব্যবস্থা, নিরাপত্তাকর্মীদের ভূমিকা এবং সিসিটিভি ফুটেজের তথ্য গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
