বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মিরপুরে নিখিলের বাসায় হামলা-ভাঙচুর, ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৯, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিখিলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে ছাত্রদল। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাসার ভেতরে থাকা আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। প্রায় আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর।

এদিকে ধোলাইপাড় বাস কাউন্টার, খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও রাতে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের সামনে একটি চলন্ত ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায় তাঁরা। প্রথমে বাসার নিচে থাকা তাঁর ব্যক্তিগত কার্যালয়ের কাচ ভাঙচুর করেন। পরে ভেতরে ঢুকে আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তাঁরা সেখান থেকে চলে যান।

‎জানা গেছে, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মী। ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত মাইনুল হোসেন খান নিখিল ওই বাসায় থাকতেন। ওই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

‎তবে হামলা ও ভাঙচুরের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি সমকালকে বলেন, বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা তাঁর জানা নেই। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর ধোলাইপাড় বাস কাউন্টার সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন শ্যামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম। ‎তিনি বলেন, ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে থানায় আনা হয়েছে। তার বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট কাঁচাবাজার সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় নাসিমা বেগম (৪০) নামে এক নারী আহত হন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি সড়কে বিস্ফোরিত হলে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎অন্যদিকে, রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাঁদের শনাক্তে কাজ করছে পুলিশ।

‎এছাড়া মৌচাক ফরচুন মার্কেট-সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাতে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের সামনে একটি চলন্ত ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এর আগে বিকেলে রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।