বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা করবে দুদক

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৮, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির আরও বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে নতুন করে আরও অর্ধশত মামলা করা সম্ভব হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা অপরাধ করেছেন, তাদের বিচারের মুখোমুখি করতে আদালতে সোপর্দ করা দুদকের কাজ। সংস্থাটি সেই কাজই করছে।

দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৪টি অভিযোগের অনুসন্ধান চলছে। এসব অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে আলাদাভাবে আরও ৩৭টি অভিযোগ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে পৃথক মামলা করা হবে। এ ছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ৬৪ জেলায় নির্মিত ‘মুজিব ম্যুরাল’ স্থাপনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে। এসব ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আরও মামলা করা হবে। সব মিলিয়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন করে অর্ধশত মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা ২৪টি মামলার মধ্যে সাতটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা ছয়টি মামলার বিচার শেষে রায় হয়েছে। বাকি ১৭টি মামলার তদন্ত চলছে।

ক্রোক ও অবরুদ্ধ সম্পদ

দুদকের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর কাছাকাছি পূর্বাচলে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের ৬০ কাঠা জমি রয়েছে। এ ছাড়া বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪০ শতাংশ জমি ক্রোক করা হয়েছে। এসব সম্পদের দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে তাদের ১৫৬টি ব্যাংক হিসাবের ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

ইন্টারপোলের রেড নোটিশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল শেখ হাসিনাসহ চারজনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। অন্য তিনজন হলেন- তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বোনের মেয়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক।

দুদক সচিব বলেন, সংশ্লিষ্ট আসামিরা দেশের বাইরে থাকলে এবং দেশের আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা সম্ভব না হলে অন্য দেশ থেকে গ্রেপ্তারের জন্য রেড নোটিশ জারি করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিউলিপ সিদ্দিক অন্য দেশের নাগরিক হলেও তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করে রেড নোটিশ জারির আবেদন পাঠিয়েছে দুদক। বিষয়টি এখন ইন্টারপোলের বিবেচনায় রয়েছে। শেখ হাসিনাসহ তার পরিবারের ১৫ সদস্যের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য চেয়ে এমএলএআর

দুদক সচিব জানান, সজীব ওয়াজেদ জয়ের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রে একটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে। দুদকের কাছে থাকা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে তার নামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে। তথ্য পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

সচিব আরও বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে অনুসন্ধানের জন্য যৌথ অনুসন্ধানী দল (জিট) গঠন করা হয়েছে। মামলাগুলোর তদন্ত শেষ করতে কর্মকর্তারা কাজ করছেন। কমিশন নিয়মিত এসব কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে। জিটের সদস্যরা মামলার নথিপত্র যাচাই করছেন। সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে মানসম্মত তদন্ত শেষ করে আদালতে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।