মূল্যস্ফীতি, দারিদ্র্যসীমা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর সুপারিশ। প্রস্তাব তৈরির আগে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেছে সিপিডি। ছবি: সংগৃহীত
পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মাসিক বেতন ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে রাখার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মূল্যস্ফীতির চাপ মোকাবিলা, শ্রমিকদের দারিদ্র্যসীমার ওপরে রাখা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনায় নিয়ে এ প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাবের বিস্তারিত তুলে ধরা হয়। প্রস্তাব প্রণয়নের আগে পোশাকশিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছে সিপিডি। মালিকপক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ক্রেতাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে মজুরি প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ড. নাজনীন আহমেদ জানান, তিনটি পৃথক দৃষ্টিকোণ থেকে হিসাব-নিকাশ করে এ মজুরি প্রস্তাব তৈরি করা হয়েছে। এগুলো হলো—মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সমন্বয়, শ্রমিকদের দারিদ্র্যসীমার ওপরে রাখা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় নিশ্চিত করা।
মূল্যস্ফীতির প্রভাব তুলে ধরে তিনি বলেন, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর থেকে মূল্যস্ফীতি বিবেচনায় নিলে বর্তমান সময়ে ওই মজুরির সমমূল্য দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে শুধু মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলেই শ্রমিকদের জীবনমান নিশ্চিত হবে না। চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ দিতে একজন উপার্জনকারীর মাসিক মজুরি যথাক্রমে ১৮ হাজার ৫৭৮ টাকা ও ২৪ হাজার ২০৪ টাকা হওয়া প্রয়োজন।
সিপিডির হিসাব অনুযায়ী, দারিদ্র্যসীমার ওপরে একটি পরিবারকে রাখতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে নির্ধারিত শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা এবং পরবর্তী সময়ের মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হয়েছে।
এ হিসাবে চার সদস্যের একটি পরিবারের বর্তমান উচ্চ দারিদ্র্যসীমা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।
অন্যদিকে, ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় নির্ধারণে খাদ্য, পোশাক, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা, যোগাযোগ, বাসস্থান, জরুরি প্রয়োজন এবং সঞ্চয়ের খরচ অন্তর্ভুক্ত করেছে সিপিডি।
সংস্থাটির হিসাব বলছে, চার সদস্যের একটি পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা। পাশাপাশি জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য আরও ১ হাজার ৮২১ টাকা বরাদ্দ ধরলে পরিবারের মোট মাসিক ব্যয় দাঁড়ায় ৩৮ হাজার ২৪৩ টাকা। পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
মজুরি বোর্ডের প্রতি আস্থার সংকটেই শ্রমিকদের আন্দোলন
পোশাকশ্রমিকদের আন্দোলনে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ড গঠন করা হলেও এর সিদ্ধান্ত যথাসময়ে কার্যকর হবে কি না, তা নিয়ে শ্রমিকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছিল। একধরনের ‘ট্রাস্ট ডেফিসিট’ বা বিশ্বাসের ঘাটতি থেকেই মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।
তিনি বলেন, বিভিন্ন গ্রেডে কীভাবে মজুরি নির্ধারণ করা হবে, সেই পদ্ধতিও আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। শুধু মজুরি বোর্ড গঠন করে মালিক ও শ্রমিকপক্ষকে আলোচনায় বসিয়ে মাঝামাঝি একটি সিদ্ধান্ত দেওয়াই সরকারের দায়িত্ব হতে পারে না। মজুরি নির্ধারণের ক্ষেত্রে সরকারেরও সক্রিয় ভূমিকা থাকা জরুরি।
ভবিষ্যতে মজুরি নির্ধারণের আলোচনা শুরুর অন্তত ছয় মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সমীক্ষা, পর্যালোচনা ও গবেষণা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ২০০৬ সালের শ্রম আইনে মজুরি নির্ধারণের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনার কথা বলা হয়েছে, সেগুলো যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।
স্থায়ী মজুরি কমিশন গঠনের প্রস্তাব
মজুরি নির্ধারণে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা ও বিরোধ এড়াতে বিকল্প হিসেবে একটি স্থায়ী মজুরি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন ড. নাজনীন আহমেদ।
তার মতে, নির্দিষ্ট সূত্র বা পদ্ধতি অনুসরণ করে এই কমিশন শ্রমিকদের মজুরি নির্ধারণ করতে পারে। এতে প্রতিবছর নতুন করে মজুরি নিয়ে অনিশ্চয়তা, দর-কষাকষি ও বিরোধ তৈরির প্রবণতা কমবে।
সিপিডির এই প্রস্তাবে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি, পরিবারের প্রকৃত ব্যয় এবং জীবনযাত্রার মানকে গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এখন এ প্রস্তাবের আলোকে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনা ও সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামোর ভবিষ্যৎ।
