বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

একসঙ্গে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং

ইতিহাসে এই প্রথম বিশ্বের প্রভাবশালী তিন দেশের প্রেসিডেন্টকে দেখা গেল একসঙ্গে। আজ বুধবার রাতে চীনের শেনজেন শহরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে এই প্রথম তাদের একসঙ্গে দেখা গেল।

রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে জমকালো নৈশভোজের আগে একসঙ্গে একটি লালগালিচায় দেখা গেছে তাদের। পারিবারিক ছবি তোলার আগে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের কাছে যান এবং শি জিনপিং এর সামনেই তাঁরা করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।

ভিডিওটিতে দেখা গেছে, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি এবং তাঁর স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর থেকে ট্রাম্প ও পুতিনের আর সাক্ষাৎ হয়নি। তবে তাঁরা একে অপরকে উষ্ণভাবে অভিবাদন জানিয়েছেন বলে মনে হচ্ছে। প্রথমে তাঁরা করমর্দন করেছেন এবং কাঁধে হাত রেখেছেন।

এর আগে শেনজেনের রানওয়েতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের শি জিনপিং। এভাবে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের স্বাগত জানানো খুবই বিরল ঘটনা। আগামীকাল বৃহস্পতিবার এই তিন নেতার মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শি জিনপিং পুতিনকে চীনে স্বাগত জানিয়ে তাঁকে ‘পুরনো বন্ধু’ বলে অভিহিত করেন।

উৎপাদন ও উন্নত প্রযুক্তির এক দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। চীনে যাওয়ার আগে ট্রাম্প ফিলিপাইন সফর করেন, যেখানে তিনি আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নেন। সেখানে এক ছবিতে ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, দেশটির স্থানীয় সময় গত রাতে শেনজেনে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট। তাকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার পঞ্চম-পদস্থ সদস্য এবং শি জিনপিং-এর চিফ অফ স্টাফ কাই চি।

ভ্লাদিমির পুতিনের এবারের সফর ঘিরে গোটা বিশ্বেরই নজর এখন শেনজেনের দিকে। কারণ এটি নিছক একটি অ্যাপেক সফর নয়। এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা নেতা শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম বা অ্যাপেক-এর পার্শ্ব অধিবেশনে বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে হোয়াইট হাউস ও ক্রেমলিনের পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে জানানো হয়েছিল। তিন প্রভাবশালী নেতার এটিই হবে সর্বপ্রথম বৈঠক। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনার জন্যই পুতিন এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে, ট্রাম্পও অক্টোবরে বলেছিলেন যে, তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনাকে স্বাগত জানান।

কালকের বৈঠক কী নিয়ে

বিবিসি বলছে, পরাশক্তি এই তিন দেশের মধ্যে ঐতিহাসিক বৈঠক নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বৈঠকটির আলোচ্যসূচি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীন। কিন্তু এই নীরবতাই বৈঠকটিকে ঘিরে রহস্য আর জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে তিন দেশের নেতাদের এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে অনেক উদ্বেগও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইউরোপে এই বৈঠককে দেখা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াল্টা সম্মেলনের মতো করে, যেখানে পরাশক্তিগুলো ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল।

তবে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে তিন পক্ষের মধ্যে এখনো স্পষ্ট পার্থক্য রয়েছে। রাশিয়া চায় ইউক্রেন নিয়ে আলোচনা হোক। ট্রাম্প চান পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা হোক। আর চীন চায় না, ইউক্রেন যুদ্ধে নিজেকে গভীরভাবে জড়িত দেখতে।

বিশ্লেষকরা বলছেন, পুতিনের জন্য এই বৈঠক একটি বড় কূটনৈতিক জয়। কারণ এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চান, মস্কোকে আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন করা যায়নি। ট্রাম্পের জন্য এটি ‘প্রথম’ হওয়ার গৌরব। তিনি বলতে পারবেন, তিনিই তিন পরাশক্তিকে এক টেবিলে এনেছেন।

এই বৈঠক শি জিনপিংয়ের জন্য একই সঙ্গে সুযোগ ও ঝুঁকি। একদিকে এটি তাকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরবে, অন্যদিকে ইউরোপের অস্বস্তি চীনের বাণিজ্যিক স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।

শেনজেনে পুতিনের লালগালিচা অভ্যর্থনা দিয়ে একটি ঐতিহাসিক সপ্তাহের শুরু হলো বটে। তবে বৃহস্পতিবারের বৈঠকে আসলে কী আলোচনা হবে, কোনো চুক্তি হবে কিনা, নাকি পুরো বিষয়টি কেবল প্রতীকী ছবিতেই সীমাবদ্ধ থাকবে- তার ওপরই নির্ভর করছে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।