শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি)। প্রকল্পের নির্মাণকাজ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিএইসির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (তথ্য) ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ বৃহস্পতিবার এক প্রেসনোটের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রেসনোটে বলা হয়, রূপপুর প্রকল্পের পাইনিয়রবেসের একটি অস্থায়ী ভবনে গত ৭ সেপ্টেম্বর ভোর পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের স্থানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে। ফলে এতে বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের কমিশনিং ও সার্বিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বিএইসির অস্থায়ী ভবনের দুটি অফিস কক্ষের আসবাবপত্র, নথিপত্র, আইটি ও যোগাযোগ-সংক্রান্ত সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্ত নথিপত্রের পর্যাপ্ত ব্যাকআপ প্রকল্প কর্তৃপক্ষের ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত থাকায় তথ্য সংরক্ষণ ও কার্যক্রম পরিচালনায় কোনো বিঘ্ন ঘটছে না বলে দাবি করা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রকল্পের ফায়ার সেফটি প্রসিডিওর অনুসরণ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রেসনোটে আরও বলা হয়, স্প্লিট টাইপ এসির ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প-সংশ্লিষ্ট বিভাগ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। বিষয়টি ইতোমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, প্রকল্পের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।