শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পেট্রল ঢেলে যুবকের শরীরে আগুন, জলাশয়ে লাফিয়েও বাঁচলেন না

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফরহাদ, সামাজিক বিরোধের জেরে হত্যার অভিযোগ। ফরহাদ হোসেন (৩৫) ছবি : সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় পেট্রল ঢেলে ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শরীরে আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি তার। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। পেশায় তিনি সবজি বিক্রেতা ছিলেন। এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। এমনকি গত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন ফরহাদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হন ফরহাদ। এ সময় পেছন থেকে দুর্বৃত্তরা তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ বাঁচানোর আকুতি নিয়ে পাশের একটি জলাশয়ে লাফ দেন তিনি।

ফরহাদের আর্তচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের ধারণা, সামাজিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের পেছনে মাদক কারবারিদের হাত থাকতে পারে।

ফরহাদের বাবা আব্দুস সাত্তার বলেন, ‘আমার ছেলে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং বিভিন্ন সামাজিক আন্দোলন করত। এসব কারণে এলাকার একটি কুচক্রী মহলের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। তারাই আমার ছেলেকে এভাবে পুড়িয়ে মেরেছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।