ফাইল ছবি
গলাচিপা-দশমিনা তথা পটুয়াখালীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। তিনি বলেছেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে দলমত নির্বিশেষে কঠোর অবস্থান নিতে হবে। যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, গলাচিপা-দশমিনা তথা পটুয়াখালীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে হবে।
বক্তব্যে তিনি আরও দাবি করেন, জনগণের গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। আইনগতভাবে নিষিদ্ধ ওই শক্তির কার্যক্রম পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। রাতের আঁধারে সড়কের পাশে ককটেল নিক্ষেপ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের নিচে ‘জয় বাংলা’ লিখে কেউ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে।
এ সময় এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গলাচিপা-দশমিনা তথা পটুয়াখালীতে শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। লাড়াচাড়া দিলে কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। তাঁর এই বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, সংস্থার সদস্য সচিব ইমরান শাহিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নের অংশগ্রহণ নিশ্চিত করে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
