হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি কার পার্কিং এলাকায় নারী ছিনতাই চক্রের কবলে পড়ে স্মার্টফোন, ও টাকা খুইয়েছেন সৌদি আরব থেকে আসা প্রবাসী সুমন মিয়া। পরে তাঁর চিৎকারে পাখি (২২) নামে ওই নারীকে আটক করেন বিমানবন্দর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত আনসার সদস্যরা। তবে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই নারী নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।
শনিবার আনসার সদস্যরা জানান, আটক ওই নারীর হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে প্রবাসী যাত্রীর ছিনতাই হওয়া স্মার্টফোন। তবে ১০ হাজার টাকা নিয়ে চক্রের অন্য দুই নারী সদস্য পালিয়ে গেছেন। এ ঘটনায় ওই নারী ছিনতাইকারীকে বিমানবন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে চার দিনের সাজা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন থানা আনসার ভিডিপি প্রশিক্ষক কর্মকর্তা (টিআই) জাহেদ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাত ২টায় বিমানবন্দরের ক্যানোপি কার পার্কিং এলাকায় ছিনতাইয়ের ঘটনার শিকার হন প্রবাসী যাত্রী সুমন মিয়া।
শনিবার এ বিষয়ে আনসার ও ভিডিপির সহকারী পরিচালক (গণসংযোগ কর্মকর্তা) নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সৌদি আরব থেকে আসা প্রবাসী সুমন মিয়া বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিজের মালাপত্র রেখে ডলার ভাঙানোর জন্য ভেতরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এলে তাঁর কাছে সাহায্য চান তিন নারী। এ সময় সুমন মিয়া সহায়তা করতে অস্বীকৃতি জানালে ওই নারীদের একজন কৌশলে তাঁর পকেট থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। অপরজন হাত থেকে স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার করলে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সহকারী ইনচার্জ এপিসি মতিয়ার রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় আনসারের পিসি মো. আনিছ, মহিলা আনসার সদস্য ফারজানা বেগম ও মোছা. কমলা আক্তারের তাৎক্ষণিক তৎপরতায় অভিযুক্ত চক্রের এক সদস্য পাখিকে হাতেনাতে আটক করা হয়।
