শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে গৃহযুদ্ধের শঙ্কা, চরমপন্থার উত্থান ঠেকানোর আহ্বান

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৭, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজনৈতিক সংকটের পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনা ও অর্থনৈতিক বৈষম্য নিয়ে উদ্বেগ বিশিষ্টজনদের। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত ‘বর্তমান বাংলাদেশ, আর্থ-সামাজিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্বেষা’ শীর্ষক আলোচনা সভা

মুক্তিযুদ্ধের চেতনা থেকে বাংলাদেশ ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তাঁদের মতে, দেশে রাজনৈতিক সংকটের পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনা, অর্থনৈতিক বৈষম্য ও অসহিষ্ণুতা বাড়ছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে যেন গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি না হয় কিংবা রাষ্ট্রক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে কোনো চরম দক্ষিণপন্থি শক্তি যাতে ক্ষমতায় আসার সুযোগ না পায়, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন বক্তারা।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত ‘বর্তমান বাংলাদেশ, আর্থ-সামাজিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্বেষা’ শীর্ষক আলোচনা সভায় এসব উদ্বেগ ও মতামত তুলে ধরেন তাঁরা।

সভায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, দেশের রাজনৈতিক সংকটের অবসান ঘটেছে বলে মনে হলেও সংকটের মৌলিক কারণগুলো এখনো বিদ্যমান। ১৯৭১ সাল থেকেই এ সংকটের ধারাবাহিকতা চলে আসছে। মুক্তিযুদ্ধের চেতনার যথাযথ চর্চা না হওয়ায় দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার প্রতিফলন দেখা গেছে ২০২৪ সালে। ওই সময় দেশে সাম্প্রদায়িক উত্তেজনাও তৈরি হয়েছিল।

তিনি বলেন, অর্থনৈতিক সংকটই বর্তমান পরিস্থিতির একমাত্র কারণ নয়। বরং এর মধ্য দিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা চলছে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এসব পরিস্থিতিতে ইন্ধন জোগাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়া কিংবা ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যাওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। একই সঙ্গে কোনো চরম দক্ষিণপন্থি শক্তি যাতে রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সমর্থনযোগ্য নয়। একইভাবে জামায়াতে ইসলামীও যাতে ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া প্রয়োজন।

দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক এম এম আকাশ বলেন, অসুস্থ হলে মানুষকে যদি ইবনে সিনা হাসপাতালে যেতে হয়, তাহলে বুঝতে হবে, দেশের নিজস্ব বিকল্প স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে রয়েছি।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের বয়স ৫৫ বছর হলেও কোনো সরকারই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। বাংলাদেশ হবে সব মানুষের।

তিনি বলেন, প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর অবস্থান দেশের জন্য লজ্জাজনক। বাংলাদেশ যে পথে এগোচ্ছে, তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। মেহেরপুরে মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্র প্রতিষ্ঠা করা হলেও জামায়াত সেটি ভেঙে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় অন্তর্বর্তী সরকার কোনো তদন্ত করেছে কি না, সেই প্রশ্নও তোলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ওই ঘটনায় কোনো মামলা হয়নি। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে এ ধরনের ঘটনার বিচার হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধুর জমির দলিল পরিবর্তন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে না। তবে তাঁরা সরকারের বিরোধিতা করছেন না। দেশের স্বার্থে সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে কথা বলাই তাঁদের মূল উদ্দেশ্য।

আলোচনা সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।