শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে হামলার অভিযোগ। অস্বীকার অভিযুক্ত নেতার, তদন্ত করছে পুলিশ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ফাইল ছবি
মাদারীপুরের শিবচরে সংবাদ প্রকাশ ও পূর্বশত্রুতার জেরে এক সাংবাদিককে রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা থেকে শিবচরে ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মামুনুর রহমান বাবুল দৈনিক তৃতীয় মাত্রার মাদারীপুর জেলা প্রতিনিধি।
ভুক্তভোগী সাংবাদিকের স্বজন ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে ঢাকা থেকে শিবচরে ফেরার পথে খানকান্দি স্কুলসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি মামুনুর রহমান বাবুলকে তুলে নিয়ে যান। পরে তাকে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খানের নিজ বাসায় নিয়ে আটকে রেখে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার দুই পা ভেঙে যায় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
একপর্যায়ে আহত সাংবাদিকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এদিকে সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় মাদারীপুর ও শিবচরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আহত সাংবাদিক মামুনুর রহমান বাবুল অভিযোগ করে বলেন, শাহাদাৎ নিজেই আমাকে পিটিয়েছে। এ সময় তার সঙ্গে আরও যারা ছিল, তাদের আমি চিনতে পারিনি। চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় আছি। কিছুটা সুস্থ হয়ে শাহাদাতের বিরুদ্ধে মামলা করব।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খান বলেন, ‘যেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমি যাইনি। এমনকি এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
ঘটনার বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। সাংবাদিককে মারধরের ঘটনার সত্যতা পেয়েছি। তবে কে বা কারা তাকে মারধর করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একজন পেশাদার সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতনের এমন অভিযোগ ঘিরে শিবচরে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
