নূর আলী। ছবি: সংগৃহীত
সরকারি জমিতে গড়ে ওঠা ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়ম, প্রতারণা ও শতকোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী এবং তার প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার বনানী থানায় দায়ের করা এ মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিআইডি জানিয়েছে, অনুমোদনহীন ভবনে বিলাসবহুল হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে অভিযুক্তরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা আয় করেছেন। পরে সেই অর্থ বিভিন্ন উপায়ে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
এদিকে তদন্তে উঠে এসেছে, রাজধানীর বনানীতে ১৪ তলা ভবনের অনুমোদন থাকলেও বোরাক রিয়েল এস্টেট অনুমোদন ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করে সেখানে পাঁচতারকা হোটেল Sheraton Dhaka পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ না করেও প্রভাব খাটিয়ে একাধিকবার চুক্তির শর্ত পরিবর্তন করা হয় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া হয়নি।
এছাড়া ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর প্রয়োজনীয় অনাপত্তিপত্র না নেওয়ার অভিযোগও রয়েছে। সিআইডির ভাষ্য অনুযায়ী, ভবনের উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় বিমান উড্ডয়ন ও অবতরণে ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
তবে সংস্থাটি আরও জানিয়েছে, বেদখল হওয়া সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ শেষে মানিলন্ডারিংয়ের পরিমাণ আরও বাড়তে পারে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ। অভিযুক্তদের গ্রেপ্তার এবং পুরো ঘটনার নেপথ্যের তথ্য উদঘাটনে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
