বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৮ বছরের আইনি লড়াইয়ে ৭৮৭ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

বিবিসি
মে ২০, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

কলম্বিয়ান পপতারকা শাকিরা। ছবি: সংগৃহীত

আট বছর আগে কর মামলায় ফেঁসে গিয়েছিলেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। ২০২৩ সালে ২০১২ থেকে ২০১৪ সালের কর মামলায় সমঝোতাও করেন তিনি। সে সময় বকেয়া কর, সুদ ও জরিমানাসহ মোট ১ কোটি ৭৫ লাখ ইউরো পরিশোধে সম্মত হন। ওই মামলায় দোষী সাব্যস্ত হলে তার আট বছরের বেশি কারাদণ্ড হতে পারত। অবশেষে দীর্ঘ আট বছরের আইনি লড়াইয়ের পর বড় স্বস্তি পেলেন এই পপতারকা।

ভুলভাবে কর জরিমানা করায় স্পেনের কর কর্তৃপক্ষকে তার কাছ থেকে আদায় করা প্রায় ৫৫ মিলিয়ন ইউরো- বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮৭ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি উচ্চ আদালত।

সোমবার স্পেনের উচ্চ আদালত অডিয়েন্সিয়া নাসিওনাল এক রায়ে জানায়, ২০১১ সালে শাকিরাকে ‘ট্যাক্স রেসিডেন্ট’ হিসেবে দেখিয়ে যে কর মামলা করা হয়েছিল, তার ভিত্তিই সঠিক ছিল না।

কী ছিল অভিযোগে
স্পেনের কর বিভাগের দাবি ছিল, ২০১১ সালে শাকিরা দেশটিতে ১৮৩ দিনের বেশি সময় অবস্থান করেছিলেন। স্পেনের আইন অনুযায়ী, কেউ বছরে ১৮৩ দিনের বেশি দেশটিতে থাকলে তাকে কর আবাসিক বা ‘ট্যাক্স রেসিডেন্ট’ ধরা হয়। সে ক্ষেত্রে তার বৈশ্বিক আয়ের ওপরও কর প্রযোজ্য হয়।

কিন্তু আদালত বলেছে, ওই বছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন। অর্থাৎ, কর আবাসিক হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে ২০ দিন কম। ফলে তার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ টেকেনি।

সুদসহ ফেরত দিতে হবে অর্থ
রায়ের ফলে স্পেনের ট্রেজারিকে শাকিরার কাছ থেকে আদায় করা অর্থ সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় ২৫ মিলিয়ন ইউরো জরিমানা ছিল।

তবে বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। স্পেনের কর বিভাগ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। তাই আপাতত অর্থ ফেরতের প্রক্রিয়া স্থগিত থাকতে পারে।

রায়ের পর দেওয়া এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘আট বছরের বেশি সময় ধরে আমার সুনাম নষ্টের চেষ্টা করা হয়েছে। এই রায়ের মাধ্যমে সত্য অবশেষে প্রতিষ্ঠিত হলো।’

আইনি লড়াইয়ের মধ্যেও সংগীতজগতে সক্রিয় রয়েছেন শাকিরা। বর্তমানে তিনি তার ‘উইমেন ডোন্ট ক্রাই অ্যানিমোর’ বিশ্ব সফর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরের সেপ্টেম্বরে মাদ্রিদে তার রেসিডেন্সি শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।