মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রে সিআইডির অভিযান: নড়াইলে গ্রেপ্তার ২, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার
জুলাই ১৩, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থপাচারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত

অনলাইন জুয়া পরিচালনা এবং সেই জুয়ার অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকার মো. জসিম উদ্দীন (৩৩) এবং শেখহাটী এলাকার সুমন রায় (২৮)।

সোমবার সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) চলমান তদন্তের অংশ হিসেবে নড়াইল শহরের একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউস থেকে প্রথমে জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তুলারামপুর এলাকা থেকে সুমন রায়কে আটক করা হয়। তদন্তে জানা গেছে, সুমন একটি বিদেশভিত্তিক অনলাইন জুয়ার ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

সিআইডি জানায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে দেশ-বিদেশ থেকে পরিচালিত একাধিক অনলাইন বেটিং ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করা হয়। এসব ওয়েবসাইটে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে জুয়ার আয়োজন করা হতো।

এ ঘটনায় গত ১৭ মে রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করে সিআইডি। মামলার তদন্তে উঠে আসে, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব ব্যবহার করে জুয়ার অর্থের লেনদেন পরিচালনা করত। কমিশন কেটে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাঠানো হতো বলে অভিযোগ তদন্ত সংস্থার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম ব্যবহার এবং অন্যদের নামে নিবন্ধিত এজেন্ট সিম সংগ্রহ করে চক্রের সদস্যদের কাছে সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। এসব সিম অনলাইন জুয়ার ওয়েবসাইটে অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহৃত হতো। তদন্তে তাদের অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনার সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।

সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন এবং অর্থপাচারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আইন-আদালত সর্বশেষ