রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির, বাংলাদেশ ব্যাংকে চিঠি, বৈধ-অবৈধ ইটভাটার তালিকা তৈরির নির্দেশ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

অবৈধ ইটভাটায় ব্যাংকঋণসহ সব ধরনের অর্থায়ন বন্ধের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে কমিটি।

শনিবার সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে এ সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জাহিদুল ইসলাম ধলু, আব্দুল মান্নান ও সুলতানা জেসমিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সারাদেশে পরিচালিত বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়নের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে সরকারের নির্মাণাধীন অবকাঠামোতে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের সুপারিশও করা হয়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তের কারণে যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে কমিটি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া গত ১৬ বছরে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ কীভাবে ব্যয় হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সংসদীয় কমিটি।

বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাজেট ব্যয়ের পরিকল্পনাও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।