রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে সেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

দুর্গম মানুষের দোরগোড়ায় দুই দশকেরও বেশি সময় ধরে ভাসমান হাসপাতালের স্বাস্থ্যসেবা। ছবি: সংগৃহীত

নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় দুই দশকেরও বেশি সময় ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল। যাত্রার পর থেকে এখন পর্যন্ত হাসপাতালটি ৮ লাখ ১৬ হাজার রোগীকে সেবা দিয়েছে। গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতালটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

দীর্ঘস্থায়ী এ উদ্যোগের কার্যক্রম ও অগ্রগতি সরেজমিন দেখতে সম্প্রতি গাইবান্ধায় লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

ইউনিলিভার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরিদর্শনকালে প্রতিনিধিদল হাসপাতালের বিভিন্ন সেবা ও অবকাঠামো ঘুরে দেখেন। তারা স্বাস্থ্যকর্মী, রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কেও ধারণা নেন।

ইউনিলিভারের স্বাস্থ্য সুরক্ষা ব্র্যান্ড লাইফবয় এবং সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের দীর্ঘদিনের অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল ইউনিলিভার বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সামাজিক উদ্যোগগুলোর একটি।

২০০২ সালে ফ্রান্স থেকে আনা একটি বার্জকে পূর্ণাঙ্গ ভাসমান হাসপাতালে রূপান্তরের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। দেশের দুর্গম এলাকায় প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার বাইরে থাকা মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতালটি একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষায়িত চিকিৎসাসেবাও দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, সাধারণ চিকিৎসা, চক্ষুসেবা, দন্ত ও চর্মরোগের চিকিৎসা, বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা এবং অস্ত্রোপচার।

শুধু ২০২৫ সালেই হাসপাতালটি ৪৮ হাজার ৭৮৪ রোগীকে সেবা দিয়েছে। এ সময়ে প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা ছিল ৯৮ শতাংশ এবং রোগী সন্তুষ্টির হার ছিল ৯৫ শতাংশ।

পরিদর্শনকালে ইউবিএলের সিইও রুহুল কুদ্দুস খান বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের দুর্গম চরাঞ্চলের লাখো মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল। এই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পারা ইউনিলিভারের জন্য সত্যিই গর্বের।

তিনি বলেন, ‘রোগী, স্বাস্থ্যসেবাকর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আরও গভীরভাবে উপলব্ধি করেছি, সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া শুধু চিকিৎসার বিষয় নয়। এটি মানুষের মনে আস্থা ফিরিয়ে আনে এবং একটি পরিবারের ভবিষ্যৎকে আরও নিরাপদ করে।

রুহুল কুদ্দুস খান আরও বলেন, ‘ফ্রেন্ডশিপের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আমাদের সমর্থন অব্যাহত থাকবে, যাতে আরও বেশি মানুষ প্রয়োজনের সময়ে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পেতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।