বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন। ছবি- এএফপি

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি প্রস্তাব পাস হয়েছে। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ২১৫ ভোটে প্রস্তাবটি অনুমোদন পায়, বিপক্ষে ভোট পড়ে ২০৮টি।

প্রস্তাবটির পক্ষে ডেমোক্র্যাট সদস্যদের পাশাপাশি রিপাবলিকান পার্টির অন্তত চারজন সদস্যও ভোট দেন। তারা হলেন টমাস ম্যাসি, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন। এছাড়া মেইনের ডেমোক্র্যাট সদস্য জ্যারেড গোল্ডেনও এবার প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন।

এই প্রস্তাবের মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার চেষ্টা করা হয়েছে। তবে এটি কার্যকর হতে হলে এখনও মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন। রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন সিনেটে প্রস্তাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে এতে ভেটোও দিতে পারেন।

মার্কিন প্রতিনিধি পরিষদে এটি প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার চতুর্থ প্রচেষ্টা। এর আগে সিনেটেও একই ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা চূড়ান্ত ভোটাভুটির পর্যায়ে পৌঁছায়নি।

ভোটাভুটির পর মিশিগানের রিপাবলিকান সদস্য টম ব্যারেট বলেন, ‘যুদ্ধ ঘোষণা করার সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমি আমার বিবেকের নির্দেশনা অনুযায়ী ভোট দিয়েছি।’

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস এই ভোটকে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও আরও জটিল করে তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটাভুটি রিপাবলিকান পার্টির ভেতরে ইরান নীতি নিয়ে বিদ্যমান মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে মার্কিন আইনপ্রণেতাদের উদ্বেগও প্রকাশ পেয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।