শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় ব্যবসায়ীর বাড়িতে ফের গুলি, আতঙ্কে পরিবার

নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইল ছবি
দ্বিতীয়বারের মতো টার্গেট এ.কে.এইচ গ্রুপের মালিক আবুল কাশেমের বাসভবন।

রাজধানীর উত্তরায় ফের গুলির শব্দে কেঁপে উঠল অভিজাত আবাসিক এলাকা। এ.কে.এইচ গ্রুপের মালিক ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। তবে কী কারণে এই হামলা, সে রহস্য এখনও উন্মোচিত হয়নি।

পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির সামনে এসে দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়া হয়।

আকস্মিক এ ঘটনায় বাসার ভেতরে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এটি প্রথম ঘটনা নয়। কয়েক মাস আগেও একই কায়দায় ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। সেই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত এখনও চলমান। নতুন করে আবারও হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পরিবার ও স্থানীয়দের মধ্যে।

রাতের নীরবতা ভেঙে ভেসে আসা গুলির শব্দ এখন উত্তরাজুড়ে নতুন আতঙ্কের নাম। কে বা কারা বারবার টার্গেট করছে এই ব্যবসায়ীর বাড়ি—তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।