প্রতীকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মাদরাসার দুই ছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হওয়ার পর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর মা চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
রোববার রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
পুলিশ জানায়, নিখোঁজ দুই ছাত্রী উপজেলার কাশিনগর বাজারের ভুশ্চি রোডে অবস্থিত আল-আমিন মহিলা মাদরাসার শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুই ছাত্রী নিজ নিজ বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরও তারা বাড়িতে ফিরে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
পরে শুক্রবার নিখোঁজ দুই ছাত্রীর মা চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ এক ছাত্রীর মা বলেন, মেয়ের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেছি। মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের দুশ্চিন্তা কমছে না।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুই শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
