ঘণ্টাব্যাপী সংঘর্ষে বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতীকী ছবি
সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেল ৩টার দিকে বিশ্বনাথ উপজেলার বুরকি বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লামাকাজী ইউনিয়নের বুরকি ও ইশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইউপি চেয়ারম্যান ধলা মিয়া বুরকি গ্রামের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি।
রোববার বিকেল ৩টার দিকে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া ইশবপুর গ্রামের হাজী সফির উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের জায়গা মাপতে যান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির জায়গাটি তার চাচার নামে। জায়গা মাপাকে কেন্দ্র করে সেখানে ইশবপুর গ্রামের লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইশবপুর গ্রামের লোকজন চেয়ারম্যানের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে।
চেয়ারম্যানের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার পক্ষ নিয়ে বুরকি গ্রামের লোকজন বুরকি বাজারে অবস্থান নেন। এ সময় ইশবপুর গ্রামের লোকজনও সেখানে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই গ্রামের কমপক্ষে ৩৫ জন আহত হন।
বুরকি গ্রামের পক্ষে আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া ছাড়াও রয়েছেন আব্দুল হাই, রাজ্জাক আলী, কবির উদ্দিন, আব্দুন নুর, মাসুক মিয়া, সফিক আলী, তাহির আলী ও বশর উদ্দিনসহ অনেকে।
অন্যদিকে, ইশবপুর গ্রামের পক্ষে আহতদের মধ্যে রয়েছেন তাজ মিয়া, জনি মিয়া, জামিল মিয়া, কয়সর আলী, সানুর আলী, পারভেজ আহমদ, সঞ্জয়, রফিক আলী ও তাজ উদ্দিনসহ অনেকে।
সংঘর্ষের সময় বুরকি বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার পরিদর্শক মোহাম্মদ সুজন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেকেই আহত হয়েছেন।
