রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দালাল চক্রের ৭ সক্রিয় সদস্য গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
জুলাই ১৮, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ দমন এবং সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে দালাল চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল ওষুধ-খাদ্যপণ্য, নিষিদ্ধ পলিথিন এবং বিভিন্ন সরকারি দপ্তরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এবং র‌্যাব-১০, সদর কোম্পানির সহযোগিতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পাসপোর্ট অফিস প্রাঙ্গণ থেকে দালাল চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সাব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) এবং মো. আরমান (৪৫)।

ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী, হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সাব্বিরকে ২০ দিন করে, মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন করে এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

র‌্যাবের ভাষ্য, সরকারি দপ্তরে দালাল চক্রের বেআইনি কর্মকাণ্ড সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি ও ভোগান্তির মুখে ফেলে। তাই জনস্বার্থে এ ধরনের অপতৎপরতা নির্মূলে র‌্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।