রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

বাসস
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে রোববার বঙ্গভবনে জেলা পরিষদের প্রশাসকগণ সৌজন্য সাক্ষাত করেন। ছবি: পিআইডি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।

রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান।

এসময় রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করেন। একই সঙ্গে ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের সক্রিয় এবং সজাগ থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতি কাছে তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, এই সরকার জনগণের, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ক্ষমতা বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথাও কৃতজ্ঞতার সঙ্গে রাষ্ট্রপতি স্মরণ করেন।

এছাড়াও তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।