বর্ণাঢ্য র্যালি ও শোডাউন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয়। ছবি: সমতল মাতৃভূমি
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য র্যালি ও শোডাউন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাংনী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, “১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এক গভীর সংকট থেকে মুক্ত হয়েছিল। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দীন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিশ্বাসের পরিচালনায় এবং পৌর বিএনপির সভাপতি মুকবুল হোসেন মেঘলা ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার দেখা যায়।
সমাবেশের শেষপর্যায়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা।
