শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছে: ডিএমপি কমিশনার কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মে ২, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার

রাজধানীতে এখন আর আগের মতো শীর্ষ সন্ত্রাসীর উপস্থিতি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তবে তিনি সতর্ক করে বলেন, আগে যারা শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী ছিল, তারাই এখন নিজেদের বড় অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে—এবং তারা পুলিশের কড়া নজরদারির মধ্যেই রয়েছে।

শনিবার দুপুরে কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রসঙ্গে কমিশনার জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে তালিকা হালনাগাদ করছে এবং ধারাবাহিক অভিযান চালাচ্ছে। তিনি বলেন, তারা মাথাচাড়া দেওয়ার আগেই কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প-তেজগাঁও থানার আওতাধীন কারওয়ান বাজার এলাকায় ডিএমপির উদ্যোগে এই নতুন পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর ক্যাম্পটি পরিদর্শন করেন কমিশনার।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ক্যাম্প চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। স্থানীয় ব্যবসায়ীরা গোপন বা প্রকাশ্যে অভিযোগ জানাতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের বিরুদ্ধে অভিযোগে ‘জিরো টলারেন্স’
পুলিশ সদস্যদের অপরাধে জড়ানোর বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে কমিশনার বলেন, কোনো সদস্য অপরাধে জড়ালে চাকরিচ্যুতিসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন অভিযোগে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে।

মামলা নিতে অনীহা প্রসঙ্গে সতর্কতা-থানায় মামলা নিতে অনীহার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মামলা নেওয়া থানার দায়িত্ব। যদি কোনো থানায় মামলা না নেওয়া হয়, তাহলে ডিএমপির ২৪টি জোনাল সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে বিষয়টি জানানো যাবে।

অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম ও অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।