গ্রেপ্তার দম্পতি। ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গ্রেপ্তাররা হলেন— মো. জহিরুল ইসলাম ওরফে পাপন (৪৫) এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস এনি (৩২)।
ডিএনসি সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে দক্ষিণ বনশ্রীর প্রতীক হাউজিংয়ের ‘জে’ ব্লকের ১২/৪ নম্বর রোডের ৭৮ নম্বর বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ডিএনসির ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের একটি বিশেষ টিম। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বাসার একটি কক্ষের আলমারির ওপরে রাখা ব্যাগ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ফ্ল্যাট থেকেই জহিরুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে জহিরুল ইসলামের পাঁচতলা বাড়ি থাকলেও মাদক ব্যবসা পরিচালনার জন্য প্রায় তিন মাস আগে দক্ষিণ বনশ্রীর ওই ফ্ল্যাটটি ভাড়া নেন তারা। সেখানে গোপনে ইয়াবা মজুত রেখে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে ধারণা করছে ডিএনসি।
ডিএনসির উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, এই দম্পতি দীর্ঘদিন ধরেই ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।
