শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাম্পত্য জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘আপত্তিকর’ বললেন আলিয়া

বিনোদন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

আলিয়া ভাট। ছবি: ফেসবুক

রণবীর কাপুরের সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তাঁদের বিয়েকে ‘অসম’ হিসেবে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তা নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। তার মতে, তাঁদের সম্পর্কের বাস্তবতা না বুঝেই এমন ধারণা ছড়ানো হচ্ছে।

দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালে বিয়ে করেন আলিয়া ও রণবীর। তাদের একটি মেয়ে রয়েছে, নাম রাহা। তবে বিভিন্ন সময় দুজনের কিছু মন্তব্যের ভিত্তিতে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও নানা আলোচনা হয়েছে। সম্প্রতি টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন আলিয়া।

অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের চিন্তা ও অনুভূতি সম্পর্কে সচেতন থাকার কথা বলি। অথচ আমাকে এমন একজন হিসেবে তুলে ধরা হচ্ছে, যিনি একটি কাল্পনিক পরিস্থিতির মধ্য দিয়ে কষ্ট সহ্য করছেন। বিষয়টি আমার কাছে আপত্তিকর।

রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বারবার এমন গুঞ্জন ছড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলিয়া বলেন, তাদের সম্পর্ক হয়তো বিয়ে নিয়ে প্রচলিত কিছু ধারণার সঙ্গে মেলে না। তাঁর ভাষায়, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো—কোনো চেষ্টা ছাড়াই নিজেকে বোঝা যাচ্ছে বলে অনুভব করা এবং কিছু না বলেও নিজের কথা শোনা হচ্ছে বলে মনে হওয়া। রণবীর আমার কাছে তেমনই, আর এটাই আমাদের সম্পর্কের বাস্তবতা।

সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা পেয়েছেন আলিয়া। ব্যবসা, বিনোদন, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন—এমন ব্যক্তিদের স্বীকৃতি দিতে তালিকাটি প্রকাশ করেছে টাইম। সাক্ষাৎকারে মাতৃত্বের পর নিজের কাজের অগ্রাধিকার বদলে যাওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

আলিয়া বলেন, বিয়ে ও মা হওয়ার পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রে এখন সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। অর্থাৎ, বেশি সিনেমায় অভিনয়ের চেয়ে ভালো কাজ বেছে নেওয়াই তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ফাইল ছবি

চলচ্চিত্রশিল্পে কাজের সময়সীমা আরও ন্যায্য ও কর্মীবান্ধব করার পক্ষে আগেও কথা বলেছেন আলিয়া। তাঁর মতে, নির্দিষ্ট ও যুক্তিসংগত কর্মঘণ্টা থাকলে কাজের দক্ষতা বাড়ে। প্রযোজক হিসেবেও নিজের প্রভাব কাজে লাগিয়ে এ ক্ষেত্রে পরিবর্তন আনতে চান তিনি।

আলিয়া বলেন, ‘কাজের সময়সীমা কখনোই খেয়ালখুশিমতো নির্ধারণ করা উচিত নয়। ন্যায্য কর্মঘণ্টা কাজকে আরও দক্ষ করে তোলে। নিজের কাজের সীমা নির্ধারণ করলে চাকরি হারাতে হতে পারে—এমন ভয় কারও থাকা উচিত নয়।

সর্বশেষ ‘আলফা’ সিনেমায় একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। সামনে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এ ছাড়া ‘তুম্বাড ২’ সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে তাঁর। সূত্র: এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।