রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে বিক্ষোভ, মমতা-নেহা বোরাসহ আটক শতাধিক

অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাড়ির সামনে থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ বাস ঘিরে বিক্ষোভকারীরা • যন্তর মন্তরের বদলে ‘দিল্লি হাটে’ কর্মসূচির ডাক নেহার • বিমানের ভেতর থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার দিল্লির বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের আটক করা হয়। এদিন রাজধানীর সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ির সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে দিল্লি পুলিশ। বেআইনি জমায়েতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মমতার সঙ্গে এ সময় তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ অন্য নেতারা ছিলেন। পুলিশ তাদের অবরোধ তুলে নিয়ে সরে যেতে বললেও তারা অবস্থান চালিয়ে যান। পরে তাদের আটক করা হয়।

আটকের পর এক ভিডিওবার্তায় মমতা বলেন, সিজেপির আমন্ত্রণে যন্তর মন্তরে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাকে বাড়ির সামনে থেকে আটক করেছে।

যন্তর মন্তরের বদলে ‘দিল্লি হাটে’ বিক্ষোভের ডাক

দিল্লিতে পুলিশি ধরপাকড়ের মুখে বিক্ষোভ কর্মসূচির স্থান পরিবর্তনের আহ্বান জানান নেহা বোরা। যন্তর মন্তরের পরিবর্তে ‘দিল্লি হাটে’ কর্মসূচি পালনের ডাক দেন তিনি।

নেহার নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরু হওয়ার পরপরই আইএনএ এলাকায় বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে পুলিশ। এ কর্মসূচিতে সমাজকর্মী যোগেন্দ্র যাদবও নেতৃত্ব দেন।

নেহা বোরা বলেন, দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।

নেহা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি।

আটকের পর নেহাকে একটি পুলিশ বাসে রাখা হয়। তাকে মুক্ত করার দাবিতে বিক্ষোভকারীরা বাসটি ঘিরে অবস্থান নেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিমানের ভেতর থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা

এর আগে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে গুরুগ্রাম পুলিশ। পরে দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ।

বিমানের ভেতরে ঢুকে পুলিশ সদস্যরা দীপকেকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন তিনি।

বিমানের ভেতরে ধারণ করা এক ভিডিওবার্তায় দীপকে বলেন, জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও এমনটা করেননি। পরিস্থিতি তার চেয়েও খারাপ। আমরা সবাই গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত।

দিল্লির বিভিন্ন এলাকায় ধারাবাহিক আটকের ঘটনায় বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের স্থান পরিবর্তন, নেতাদের আটক এবং পুলিশ বাস ঘিরে অবস্থানের মধ্য দিয়ে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি ঘিরে পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।