শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নরেন্দ্র মোদির কাছে ফ্লাইদুবাই ঘটনার বর্ণনা দিলেন পাইলট

এএফপি
অক্টোবর ২, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথোপকথনের একটি মুহূর্ত। স্ক্রিনশট/এএফপি

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সহকারীর হামলায় আহত হন পাইলট স্মিত মাচ্ছার। শুক্রবার তাঁর সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় নাগরিক স্মিত মাচ্ছার জানান, সহকারী পাইলটের হামলার পরও তিনি যাত্রীদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন। নরেন্দ্র মোদিকে দেওয়া বর্ণনায় মাচ্ছার বলেন, ‘আমি নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিলাম। তবে আমি জানতাম যে, ওই মানুষগুলোকে (যাত্রী) আমি মরতে দিতে পারি না।

গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইটের ককপিটে মারামারিতে জড়ান দুই পাইলট। এরপর সেটি সৌদি আরবে জরুরি অবতরণ করে। আহত পাইলট মাচ্ছার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সঙ্গে আলাপের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নরেন্দ্র মোদি।

উড়োজাহাজ চালানোর ক্ষেত্রে মাচ্ছারের ১৭ বছরের অভিজ্ঞতা আছে। এর মধ্যে ১১ বছর তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহকারীর হামলায় আহত অবস্থায় ককপিটের মেঝেতে পড়ে থাকার সময় তিনি বুঝতে পারেন, উড়োজাহাজটি দ্রুত নিচে নেমে যাচ্ছে।

মাচ্ছার বলেন, ‘আমি এতো বেশি আঘাত পেয়েছিলাম যে মেঝেতে লুটিয়ে পড়ি। ওই সময় আমি বুঝতে পারছিলাম, উড়োজাহাজ নিচে পড়ে যাচ্ছে। আমি জানতাম, এটিই আমার শেষ সুযোগ, কারণ দরজাটা ঠিক পাশেই ছিল।

ভারতীয় এই পাইলট আরও বলেন, ‘আমাকে তখনো আঘাত করা হচ্ছিল। কিন্তু ওই অবস্থাতেই দরজা খুলে দেই। এরপর যাত্রীরা ভেতরে ঢোকেন। মাচ্ছার জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে আহত থাকার পরও তিনি বুঝতে পারছিলেন যে, আসলে কী ঘটছে।

ককপিটে মারামারির ওই ঘটনা নিয়ে তদন্ত চলছে। জানা যাচ্ছে, সহকারী ওই পাইলট মাচ্ছারের ওপর হামলার পর উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এরপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক সময় কয়েকজন যাত্রী ককপিটে ঢুকে সহকারী পাইলটকে নিবৃত্ত করেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ, উড়োজাহাজটি বিধ্বস্তের চেষ্টা করেছিলেন ওই সহকারী পাইলট।

এ ঘটনার পর স্মিত মাচ্ছারের প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, তাঁর পদক্ষেপ শত শত মানুষের জীবন বাঁচিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও মাচ্ছারসহ অন্য যাত্রীদেরকে বড় ধরনের বিপর্যয় এড়ানোর কৃতিত্ব দিয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।