বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাবিল গ্রুপের চেয়ারম্যান-এমডি ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

এস আলম-সংশ্লিষ্টতার অভিযোগে বিএফআইইউর নির্দেশ; স্ত্রী-সন্তান ও প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত। ফাইল ছবি

আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রিত রাজশাহীভিত্তিক শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম ও তার বাবা চেয়ারম্যান জাহান বক্স মন্ডলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্ত্রী-সন্তান এবং তাদের নামে থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে এসব হিসাব জব্দ করতে বলেছে।

সোমবার বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্দেশনা অনুযায়ী, হিসাব জব্দ করা ব্যক্তিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাবের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে এসব হিসাবে নতুন করে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজন হলে লেনদেন স্থগিত রাখার সময়সীমা বাড়ানো হতে পারে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, লেনদেন স্থগিতের এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

চিঠিতে নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম, তার স্ত্রী মোছা. ইসরাত জাহান, ছেলে এজাজ আবরার, মেয়ে আফরা ইবনাত এবং নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল ও তার স্ত্রী আনোয়ারা বেগমের (নাবিল গ্রুপের পরিচালক) নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

এ ছাড়া যেসব হিসাব স্থগিত করা হয়েছে, সেসব হিসাব-সংশ্লিষ্ট তথ্য ও দলিল—যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেনের বিবরণী এবং হালনাগাদ হিসাব বিবরণী—বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

এস আলমের ছায়ায় নাবিল গ্রুপ?

২০১৭ সালে ‘জোরজবরদস্তি’ করে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে। এরপর গ্রুপটি নামে-বেনামে একাধিক কোম্পানি খুলে অনিয়মের মাধ্যমে বিপুল ঋণ নিয়েছে এবং সুবিধাভোগীদেরও সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ ওঠে।

এসব সুবিধাভোগীর মধ্যে অন্যতম হিসেবে রাজশাহীভিত্তিক শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপের নামও আলোচনায় আসে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি ইসলামী ব্যাংক থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নামে-বেনামে প্রায় ১৩ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। এসব ঋণ দেওয়ার ক্ষেত্রে নিয়মকানুন যথাযথভাবে মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এসব ঋণের বেশিরভাগের সুবিধাভোগীও এস আলম গ্রুপ বলে বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।