হোয়াইট হাউস করেসপনডেন্টসের নৈশভোজে অতিথিদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াশিংটন ডিসিতে। ছবি: এএফপি
ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গুলি করার পেছনে সন্দেহভাজন কোল অ্যালেনের উদ্দেশ্য কি ছিল তা এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অ্যালেন স্বীকার করেছেন, তাঁর লক্ষ্য ছিলেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা।
আইনপ্রয়োগকারী সংস্থার দুটি সূত্র সিবিএস নিউজকে বলেছেন, গ্রেপ্তারের পর অ্যালেন আইনশৃঙ্খলা রক্ষাকারীদের কাছে স্বীকার করেছেন, তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের গুলি করতে চেয়েছিলেন।
ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফ ক্যারল এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল হিলটন হোটেলের অতিথি ছিলেন। তবে কখন চেক ইন করেছিলেন বা তাঁর কক্ষে তল্লাশি চালিয়ে কী পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।
ক্যারল জানান, নৈশভোজের জন্য নির্ধারিত বলরুমের বাইরে একটি নিরাপত্তা চেকপয়েন্টে অ্যালেনের কাছে থেকে একটি শটগান, হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে। এদিকে নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, ঘটনার সময় পাঁচ থেকে আটটি গুলি ছোড়া হয়েছিল। অ্যালেনের গুলিতে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট আঘাত পেয়েছেন। তবে বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় তেমন ক্ষতি হয়নি। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
সন্দেহভাজন একজনের ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
সংবাদ সম্মেলনে ক্যারল বলেন, এই মুহূর্তে মনে হচ্ছে তিনি (অ্যালেন) একা কাজ করেছেন। অ্যালেনকে গ্রেপ্তারের পর তাঁর একটি ছবি ট্রুথ সোশালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে দেখা যাচ্ছে, খালি গায়ে হোটেলের মেঝেতে পড়ে আছেন অ্যালেন। তাঁর হাত পেছনে বাঁধা।
জেফ ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হননি, তবে পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে হোয়াইট হাউস বিটের সাংবাদিকদের নিয়ে ওয়াশিংটনের হিলটন হোটেলে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। স্থানীয় সময় শনিবার রাতে সেখানে স্ত্রী মেলানিয়াসহ উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোটেলের যে বলরুমে আয়োজনটি চলছিল সেটির বাইরে সন্দেহভাজন অ্যালেন গুলি চালান। এর পরপরই ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গ্রেপ্তার অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরান্স শহরের বাসিন্দা বলে জানা গেছে।
