রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপিকেএসের লটারিতে ৩০ লাখ টাকা জিতলেন ময়মনসিংহের হানিফ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

২০ শতাংশ উৎসে কর কেটে অবশিষ্ট অর্থ চেকের মাধ্যমে বিজয়ীকে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) লটারি-২০২৬-এর প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা জিতেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের হানিফ মিয়া। পুরস্কারের অর্থ দিয়ে বড় খামার গড়ে তুলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চান তিনি।

শনিবার রাজধানীর বিপিকেএস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে লটারির বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, অর্থ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, ২০ শতাংশ উৎসে কর কেটে অবশিষ্ট অর্থ চেকের মাধ্যমে বিজয়ীকে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিকেএস জাতীয় লটারি প্রকল্পের প্রকল্প পরিচালক হাজী মো. আলম কবির। প্রধান অতিথি ছিলেন ইউএন ডিজঅ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন এবং বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আব্দুস সাত্তার দুলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবির, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা, ইমিনেন্ট জার্নালিস্ট অ্যান্ড গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি গোলাম ফারুক মজনুসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার দুলাল বলেন, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বিপিকেএসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রথম পুরস্কারজয়ী হানিফ মিয়া বলেন, ‘আমি একজন বেকার যুবক। কোনোমতে ছোট একটি খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। পুরস্কারের এই টাকা দিয়ে এখন একটি বড় খামার গড়ে তুলতে চাই। এর মাধ্যমে এলাকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জন্য কাজ করতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।