নীতিমালা লঙ্ঘন করে প্লট বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহার, সরকারের ৩ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ। ফাইল ছবি
চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরীতে প্লট বরাদ্দ নিয়ে অনিয়ম, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নীতিমালা লঙ্ঘন করে প্লট বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের মাধ্যমে সরকারের ৩ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ আনা হয়েছে মামলায়।
বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে পারস্পরিক যোগসাজশে দুর্নীতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেরা লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম করেন।
অভিযোগ অনুযায়ী, শিল্পনগরীর প্লট বরাদ্দসংক্রান্ত নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের নামে বরাদ্দ দেওয়া ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে বিসিক চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়। পরবর্তী সময়ে সরকারি আইন ও বিধিবিধান লঙ্ঘন করে প্লট বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়। এ প্রক্রিয়ায় সরকারের ৩ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
দুদকের এজাহারে আরও বলা হয়, ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ এক দশকে এ অপরাধ সংঘটিত হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪২০, ৪০৯, ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।
মামলার অপর পাঁচ আসামি হলেন—বিসিকের সাবেক চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পরাগ, বাসুদেব আচার্য্য, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার এবং ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী।
শিল্পনগরীতে প্লট বরাদ্দের নীতিমালা উপেক্ষা করে সরকারি রাজস্ব ক্ষতির অভিযোগে সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের এ মামলা শিল্প খাতে বরাদ্দ প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহি ও প্রশাসনিক ক্ষমতার ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
