শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসার সংসারে নতুন আলো, কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক
জুন ৫, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ভালোবাসার নতুন অধ্যায়, কন্যাসন্তানকে বরণ করলেন শাকিব ও বুবলী। ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনা, গুঞ্জন আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুখবরটি নিজের মুখেই জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ভালোবাসার এই নতুন অধ্যায়ে মেগাস্টার শাকিব খান ও বুবলীর পরিবারে এসেছে এক অনন্য আনন্দবার্তা। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই আলোচিত তারকা জুটি।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে এক যৌথ পোস্টে সুখবরটি প্রকাশ করেন বুবলী। একই সঙ্গে প্রকাশ করা হয় নবজাতক কন্যার জন্য তৈরি একটি বিশেষ শুভেচ্ছা কার্ড। সেখান থেকে জানা যায়, গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। ছোট্ট পরীর নাম রাখা হয়েছে শারলিন খান।

প্রকাশিত কার্ডে উচ্ছ্বসিত বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নাম উল্লেখ করা হয়। খবরটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগী, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

আবেগঘন পোস্টে বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও গুঞ্জনেরও অবসান ঘটেছে। ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় থাকলেও কন্যাসন্তানের বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন তারা।

উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর সংসারে এর আগেই রয়েছে পুত্রসন্তান শেখ বীর। এবার কন্যা শারলিন খানের আগমনে তাদের পারিবারিক সুখের আকাশ যেন আরও রঙিন হয়ে উঠেছে। নতুন অতিথিকে ঘিরে আনন্দ, ভালোবাসা আর শুভকামনায় ভাসছে তারকা এই পরিবার। ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও উজ্জ্বল জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।