শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভেজালের অন্ধকার কারখানায় র‌্যাবের হানা নকল ওষুধ, শিশু খাদ্য আর ভেজাল ঘির বিশাল সিন্ডিকেটে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
মে ১৫, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কদমতলী ও ডেমরার অলিগলিতে গড়ে ওঠা ভেজাল ও নকল পণ্যের গোপন কারখানাগুলোতে হঠাৎ করেই নেমে আসে র‌্যাবের অভিযানের ঝড়। নিম্নমানের ওষুধ, নকল শিশু খাদ্য এবং জনপ্রিয় ব্র্যান্ডের নামে ভেজাল ঘি তৈরির ভয়ংকর চিত্র উঠে আসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। এ সময় সাড়ে ৪ লাখ টাকা জরিমানার পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল খাদ্যসামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়। সিলগালা করা হয়েছে একটি কারখানাও।

র‌্যাব–১০ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এবং র‌্যাব–১০ এর সিপিসি–১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকীর নেতৃত্বে কদমতলী ও ডেমরা থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কদমতলীর পূর্ব জুরাইন এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে নিম্নমানের ও মানহীন ওষুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব কার্যক্রমের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে নকল শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও প্যাকেটজাত করার অপরাধে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাবের উপস্থিতিতে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল খাদ্যসামগ্রী।

অন্যদিকে ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৫০ কেজি নকল ঘি এবং বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নামে বাজারজাত করার জন্য প্রস্তুত রাখা এক হাজার খালি টিনের কৌটা। পরে ঘটনাস্থলেই জব্দ করা ভেজাল পণ্য ধ্বংস করা হয়।

র‌্যাব জানিয়েছে, জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণামূলকভাবে নকল ঘি উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করা হয়েছে।

অভিযানে বেরিয়ে আসে ভেজাল চক্রের ভয়ংকর প্রতারণার চিত্র, যা জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।