ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ঝটিকা মিছিল (ছবি-সংগৃহীত)
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাজু ভাস্কর্যে ঝটিকা মিছিল করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ-এর দুইজন। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিল করেন। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। আটক দুইজন হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল হোসেন।
জানা যায়, ভোরে ১০-১২ জনের একটি দল হঠাৎ শাহবাগ এলাকা থেকে টিএসসি সড়কে গিয়ে ব্যানার প্রদর্শন করে সংক্ষিপ্ত মিছিল করে। মিছিলে ‘অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করো’ ‘রাজবন্দিদের মুক্তি চাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে।
তবে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, “আমাদের প্রক্টরিয়াল মোবাইল টিম একটি গাড়ি ও দুইজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানা যথানিয়মে ব্যবস্থা নেবে।
