শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের মামলায় সাবেক পৌর মেয়রসহ ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ডিবি, এসআরইউ ও থানা পুলিশের যৌথ অভিযান; সন্ত্রাসবিরোধী আইনে মামলা, অন্যদের ধরতে অভিযান অব্যাহত। ছবি: সংগৃহীত

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পৌর মেয়রসহ দলটির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানার একাধিক দল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদ (৫৭), মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), মো. ইকবাল হোসেন (৫২), মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), মোহাম্মদ রুবেল শেখ (৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), ইদ্রিস আলম (৪২) ও মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি। মুছা আহমদ খান মন্টু নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী। মো. ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি। মোহাম্মদ শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেশরহাট পৌরসভার সাবেক মেয়র। অন্যদিকে, ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ নভেম্বর সকালে রাজশাহী মহানগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৬ নভেম্বর দায়ের করা মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারা উল্লেখ করা হয়েছে। মামলার নম্বর ৪৫।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরএমপির মিডিয়া সেলের প্রধান ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনার পর পুলিশের সব ইউনিট সমন্বিতভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।