শারজাহ থেকে আসা ফ্লাইটে কাস্টমসের অভিযান। সিগারেটের সঙ্গে মোবাইল ও ল্যাপটপ। ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজে অভিযান চালিয়ে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে জি৯-৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি শুরু করা হয়। তল্লাশির একপর্যায়ে তিন যাত্রীর ব্যাগেজে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্যের সন্ধান মেলে।
অভিযানে মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ আটক করা হয়।
অন্যদিকে, কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।
সব মিলিয়ে তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। আটক করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।
