শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডার্ক ওয়েবের অন্ধকারে ভয়ংকর মাদক সাম্রাজ্য, পাঁচ বছরে শনাক্ত মাত্র তিন চক্র, বাড়ছে উদ্বেগ

এস এম মুন্নি
মে ৯, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দেশে নীরবে বিস্তার ঘটছে ডার্ক ওয়েবভিত্তিক ভয়ংকর মাদক কারবারের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে গোপন অনলাইন নেটওয়ার্ক ব্যবহার করে দেশে ঢুকছে কিটামিন, এলএসডি ও ডিওবির মতো উচ্চমাত্রার মাদক। শুধু তাই নয়, এসব মাদক বিদেশেও পাচার হচ্ছে বলে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। বিমানবন্দর কিংবা কুরিয়ার সার্ভিসের স্ক্যানিং ব্যবস্থাও অনেক ক্ষেত্রে ধরতে পারছে না এসব চালান।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—এই মাদক কারবারে অর্থ লেনদেন হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, যা শনাক্ত করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডার্ক ওয়েব ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক মাদক চক্র শনাক্তে এখনও পর্যাপ্ত কারিগরি সক্ষমতা গড়ে ওঠেনি। এ কারণেই গত পাঁচ বছরে মাত্র তিনটি চক্র শনাক্ত করতে পেরেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এর মধ্যে সর্বশেষ গত ২৫ মার্চ রাজধানীর একটি ভাড়া বাসায় গড়ে তোলা অস্থায়ী ল্যাব থেকে ৬ কেজি ৩০০ গ্রাম কিটামিন জব্দ করা হয়। তদন্তে উঠে আসে ভয়ংকর সব তথ্য।

ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ জানান, ডার্ক ওয়েবভিত্তিক মাদক কারবার শনাক্তে সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ইতোমধ্যে মোবাইল ফরেনসিক ল্যাব ও সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে সন্দেহভাজনদের মোবাইল ও ডিজিটাল ডিভাইস বিশ্লেষণের মাধ্যমে ডার্ক ওয়েব ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক লেনদেন শনাক্ত করা সহজ হবে বলে আশা করছে সংস্থাটি।

ডিএনসি সূত্র জানায়, ২০২১ সাল থেকে চলতি বছর পর্যন্ত কিটামিন, ডিওবি ও এলএসডির তিনটি বড় চালান আটক করা হয়েছে। সর্বশেষ অভিযানে ঢাকার একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস অফিস থেকে জব্দ করা হয় সন্দেহজনক একটি পার্সেল। পরে তল্লাশি করে ব্লুটুথ সাউন্ড স্পিকারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৫০ গ্রাম কিটামিন উদ্ধার করা হয়।

ডিএনসি ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ ‘কি-ওয়ার্ড’ শনাক্ত করা হয়, যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির সন্দেহজনক লেনদেনের সূত্র পাওয়া যায়। এরপর সেই লেনদেন অনুসরণ করতে গিয়ে বেরিয়ে আসে মাদক কারবারের নেটওয়ার্ক। তদন্তে জানা যায়, চক্রটি ডার্ক ওয়েব ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে মাদক সংগ্রহ করত এবং একই মাধ্যমে বিক্রির অর্ডার নিত।

তারা কিটামিন প্রক্রিয়াজাত করে সাউন্ড স্পিকারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ভেতরে লুকিয়ে কুরিয়ারের মাধ্যমে বিদেশে পাঠাত। আর পুরো লেনদেন চলত ‘ট্রন’ নেটওয়ার্কভিত্তিক ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে।

এলএসডি ও ডিওবির আরও দুই চক্রের সন্ধান

২০২২ সালের ৫ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাজমুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করে ডিএনসি। তার কাছ থেকে উদ্ধার করা হয় এলএসডির ২৩৮টি রঙিন ব্লটিং পেপার স্ট্রিপ।

ওই মামলার তদন্ত কর্মকর্তা, ডিএনসি ঢাকা মহানগর দক্ষিণের তৎকালীন সহকারী পরিচালক সুব্রত সরকার জানান, ডার্ক ওয়েবভিত্তিক মাদক কারবার সরাসরি শনাক্ত করা অত্যন্ত কঠিন। প্রথমে বিদেশ থেকে নতুন ধরনের মাদক আসার তথ্য পাওয়া যায়। পরে ক্রেতা সেজে যোগাযোগের মাধ্যমে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
তার মোবাইল ফোন ও ল্যাপটপের ফরেনসিক বিশ্লেষণে দেখা যায়, তিনি ডার্ক ওয়েবে অর্ডার দিয়ে বিদেশ থেকে এলএসডি আনতেন এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মূল্য পরিশোধ করতেন।

এরও আগে ২০২১ সালের নভেম্বরে খুলনায় ৯০টি ডিওবি স্ট্রিপ ও এলএসডিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, পোল্যান্ড থেকে ডার্ক ওয়েবের মাধ্যমে ওই চালান আনা হয়েছিল। এ ক্ষেত্রেও অর্থ পরিশোধ করা হয়েছিল ক্রিপ্টোকারেন্সিতে।

গ্রাফিক্স ডিজাইনার থেকে ডার্ক ওয়েবের মাদক কারবারি
ডিএনসির এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার শুভ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। অনলাইনে বিদেশি ক্রেতাদের কাছে ডিজাইন বিক্রি করে তিনি ডলারে পেমেন্ট পেতেন। পরে সেই অর্থ বিটকয়েনে রূপান্তর করেই মাদকের চালান দেশে আনার কাজে ব্যবহার করা হতো।

প্রযুক্তিগত দুর্বলতায় বাড়ছে ঝুঁকি

ড. তৌহিদুল হক বলেন, অনলাইনভিত্তিক মাদক কারবার দ্রুত বাড়ছে। কিন্তু এসব চক্র শনাক্তে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রযুক্তিগত সক্ষমতা এখনও সীমিত। ফরেনসিক ল্যাব স্থাপন ইতিবাচক উদ্যোগ হলেও দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ছাড়া কাঙ্ক্ষিত সফলতা পাওয়া কঠিন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।