মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তুলির আঁচড়ে মাতৃত্বের অনন্ত গল্প, ‘সব নারীতেই মা’ শিরোনামে জলকন্যার ব্যতিক্রমী শিল্পউৎসব

তাবাসসুম স্নেহা
মে ১১, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি সংগৃহীত

মা দিবসকে ঘিরে শিল্প, অনুভূতি আর মাতৃত্বের আবেগে ভরে উঠেছে রাজধানীর শিল্পাঙ্গন। নারী শিল্পীদের সংগঠন জলকন্যা আয়োজন করেছে ছয় দিনব্যাপী যৌথ চিত্রপ্রদর্শনী ‘সব নারীতেই মা’ যেখানে শিল্পের ক্যানভাসে উঠে এসেছে মমতা, দায়িত্ববোধ ও নারীর অন্তর্গত মাতৃত্বের বহুমাত্রিক প্রকাশ।

রোববার বিকেলে রাজধানীর সফিউদ্দীন শিল্পালয়-এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান এবং সঙ্গীতশিল্পী মেহরীন। এ সময় উপস্থিত ছিলেন কিউরেটর শিল্পী অশোক কর্মকারসহ বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা।

নারীদের শিল্পচর্চার একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ‘জলকন্যা’। জলরঙসহ নানা মাধ্যমে কাজ করা শিল্পীরা এখানে নিজেদের সৃজনশীলতা তুলে ধরেন। বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেও যারা শিল্পচর্চা করে চলেছেন, তাদের কাজকে সামনে আনতেই এই আয়োজন।

‘সব নারীতেই মা’ শিরোনামের এই প্রদর্শনীটি জলকন্যার দশম আয়োজন। এবারের প্রদর্শনীতে জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক ও কফি মাধ্যমেও তৈরি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে অংশ নিয়েছেন ১২ জন নারী শিল্পী, আর প্রদর্শিত হচ্ছে মোট ৩৫টি শিল্পকর্ম।

আয়োজনে কিউরেশনে সহযোগিতা করেছেন শিল্পী অশোক কর্মকার এবং টাইটেল স্পনসর হিসেবে রয়েছে সিটি ব্যাংক।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দুই পর্বে। প্রথম পর্বে মা দিবস উপলক্ষে অতিথিদের বক্তব্য ও শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। পরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রদর্শনী।

কিউরেটর অশোক কর্মকার বলেন, জলকন্যার প্রতিটি প্রদর্শনীতেই আলাদা বৈশিষ্ট্য থাকে। মায়েরা সংসার ও ব্যস্ততার মধ্যেও ছবি এঁকে প্রদর্শনী করছেন, এটি সত্যিই প্রশংসনীয়।

সঙ্গীতশিল্পী মেহরীন বলেন, আমি একজন মা, আবার আমারও একজন মা আছেন। মায়ের কথামতো চলতে পারলে জীবনে আর কিছুই প্রয়োজন হয় না।

চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান বলেন, শুধু একটি বিশেষ দিন নয়, প্রতিদিনই মা দিবস। জলকন্যার শিল্পীরা মা হিসেবে সব দায়িত্ব পালন করেও শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন—এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

জলকন্যার কর্ণধার সুপর্ণা এলিস গমেজ বলেন, মাতৃত্ব শুধু সন্তান জন্মদানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি এক গভীর অনুভূতি ও দায়িত্ববোধ। তাই আমি বিশ্বাস করি, সব নারীতেই মা বিদ্যমান।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন সুপর্ণা এলিস গমেজ, সাবিয়া নাসরিন, এলিনা চাকমা, মাহ্ফুজা খানম, জ্যাকলিন রিয়া রোজারিও, শামা সায়োম, এনেষ্টিনা পাপিয়া গমেজ, দীপান্বিতা মহলদার, ইসরাত বিনতে রউফ, সালসাবিল সুলতানা, জীনাতুল কুবরা নিপা এবং সিলভিয়া তেরেজা কস্তা।

আগামী ১৫ মে পর্যন্ত চলবে এই শিল্পউৎসব। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।