শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদকে টার্গেট করে জাল টাকার ভয়ংকর ছক, উত্তরা-গাজীপুরে ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
মে ১৫, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

জাল টাকা ছড়ানোর পরিকল্পনায় গ্রেপ্তারকৃতরা

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ও আশপাশের এলাকায় জাল টাকা ছড়িয়ে দেওয়ার ভয়ংকর পরিকল্পনা করেছিল একটি সংঘবদ্ধ চক্র। তবে শেষ রক্ষা হয়নি।

রাজধানীর উত্তরা ও গাজীপুরে ধারাবাহিক অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং প্রযুক্তিগত যন্ত্রপাতিসহ চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন— মজিবুর রহমান, দুলাল মৃধা ও মো. মামুন।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে অভিযান চালিয়ে মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চার লাখ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরের বাসন এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৩০ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ, তিনটি রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা এক হাজার টাকার নোটের কাগজ, গাম, কাটার এবং জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়।

ডিবির তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আইন-আদালত সর্বশেষ