ছবি- এএফপি
ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রানেই থেমে যায় সফরকারীরা। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাবে পাকিস্তান পিছিয়ে পড়ে ৪৬ রানে।
দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামায় বাংলাদেশ।
পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত স্পেলে শুরুতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার আব্দুল্লাহ ফজল (৮) ও আজান আওয়াইস (১৩)। এরপর স্পিন জাদুতে মিডল অর্ডারে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক শান মাসুদ (২১) ও সৌদ শাকিলকে (৮) ফিরিয়ে পাকিস্তানকে বড় চাপে ফেলে দেন তিনি।
ছবি- বিসিবি
তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান বাবর আজম। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি। কিন্তু যখনই বড় ইনিংসের স্বপ্ন দেখছিল পাকিস্তান, তখনই বজ্রগতির বাউন্সারে আঘাত হানেন নাহিদ রানা। ৬৮ রান করে ফিরতে হয় বাবরকে, আর সেখান থেকেই ভেঙে পড়ে পাকিস্তানের প্রতিরোধ।
এরপর স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে একে একে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান (১৩), সালমান আলী আঘা (২১) ও হাসান আলী (১৮)। লোয়ার অর্ডার গুঁড়িয়ে দিয়ে পাকিস্তানকে ২৩২ রানেই থামিয়ে দেন টাইগার বোলাররা।
বাংলাদেশের হয়ে বল হাতে সমান তালে জ্বলে উঠেছেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ শিকার করেছেন দুটি করে উইকেট।
দাপুটে বোলিংয়ে ম্যাচে এখন পুরোপুরি এগিয়ে বাংলাদেশ। ৪৬ রানের লিড নিয়ে টাইগারদের চোখ এখন বড় সংগ্রহ গড়ে পাকিস্তানের সামনে কঠিন লক্ষ্য ছুঁড়ে দেওয়ার দিকে।
